আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের তথ্যপ্রাপ্তি সহজ করতে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ‘Smart Election Management BD’ নামের এই অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা নিজেদের ভোটকেন্দ্রের নাম, নম্বর ও অবস্থান সহজেই জানতে পারবেন।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, অ্যাপটি ভোটারদের তথ্য জানার প্রক্রিয়াকে আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করেছে। এটি বর্তমানে Google Play Store এবং Apple App Store–এ পাওয়া যাচ্ছে।
অ্যাপে যা যা জানা যাবে
অ্যাপটি ইনস্টল করার পর ব্যবহারকারীকে জন্মতারিখ ও এনআইডি নম্বর দিতে হবে। এরপর পাওয়া যাবে—
ভোটকেন্দ্রের নাম ও পূর্ণ ঠিকানা
কেন্দ্রের জিও-লোকেশন (মানচিত্রে অবস্থান)
কেন্দ্রের ছবি ও দূরত্ব
ভোট দেওয়ার সিরিয়াল নম্বর
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার তথ্য
আরও যে সুবিধা রয়েছে
শুধু ভোটকেন্দ্র নয়, অ্যাপটির মাধ্যমে আরও জানা যাবে—
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা
নির্বাচন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা
ফলাফল প্রকাশ সংক্রান্ত তথ্য
এ উদ্যোগের ফলে ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষ, গবেষক ও আগ্রহী নাগরিকরাও নির্ভরযোগ্য ও কেন্দ্রীভূত প্ল্যাটফর্ম থেকে নির্বাচনী তথ্য সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।