সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে নতুন গেজেট প্রকাশ করেছে। বুধবার (১০ ডিসেম্বর) এ সংক্রান্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।
নতুন গেজেট অনুযায়ী, শিক্ষক নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষাগুলো নির্বাচনী বা বাছাই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনী বা বাছাই পরীক্ষার বিষয়, ব্যাপ্তি ও নম্বর নির্ধারণের দায়িত্ব এনটিআরসিএ-এর।
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীদের মোট নম্বরের কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। বিষয় ও পদ অনুযায়ী শূন্যপদের ১:২ অনুপাতে নির্বাচনী বা বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। মৌখিক পরীক্ষায় মোট নম্বর ২০ এবং উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন হবে মোট নম্বরের ন্যূনতম ৪০ শতাংশ।
এ বিষয়ে এনটিআরসিএ জানায়, নতুন বিধিমালার লক্ষ্য হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা এবং যোগ্য প্রার্থীদের নির্বাচন করা। সংস্থাটি নিজস্ব পরীক্ষার মাধ্যমে একটি মেধাতালিকা তৈরি করবে, যা ভিত্তি হিসেবে বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে।