খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন দেশের তিন বাহিনী প্রধান

প্রকাশ: ২ মাস আগে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে তারা হাসপাতালে যান। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, তিন বাহিনীর প্রধানরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রোববার রাতে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের সিসিইউতে থেকে বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় লাগবে। লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মা’র শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজ রাখছেন। হাসপাতালের পাশে সার্বক্ষণিক রয়েছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

এদিকে খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় রাজধানীসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করছেন বিএনপি, অঙ্গসংগঠন ও সমর্থকরা। তার সুস্থতা কামনায় সর্বত্রই চলছে প্রার্থনা ও দোয়া অনুষ্ঠান।

error: Content is protected !!