বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য যদি কোনো কারণে নষ্ট হয়, তাহলে তা ফ্যাসিবাদের পুনরুত্থান ডেকে আনবে। তিনি সতর্ক করে বলেন, “আমরা যেন সেদিকে না যাই।”
রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা চাই, সবাই যেন ঐক্যবদ্ধ থাকি—যেভাবে আমরা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী হয়েছিলাম। সেই ঐক্যের কারণেই ফ্যাসিবাদের পতন ঘটেছে, তারা পালাতে বাধ্য হয়েছে। এই ঐক্যই আমাদের সামনের দিনে এগিয়ে যাওয়ার একমাত্র শক্তি।”
তিনি আরও বলেন, “আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে এক থাকব। ফ্যাসিবাদকে কোনোভাবেই এই দেশে ফিরে আসতে দেওয়া যাবে না। সব দরজা বন্ধ করে দিতে হবে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের। সেই জায়গায় আমাদের ঐক্য অটুট রাখতে হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তার এই বক্তব্য চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য রক্ষার গুরুত্বকে নতুন করে স্মরণ করিয়ে দিল।