ওসমান হাদির জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা

স্টাফ রিপোর্টার │ দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় শনিবার (২০ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

ডিএমপি আরও জানায়, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও জনভোগান্তি কমাতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

বিকল্প সড়ক নির্দেশনা

ডিএমপির দেওয়া নির্দেশনা অনুযায়ী—

  • মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে চলাচল করবে।

  • ফার্মগেট থেকে ইন্দিরা রোড ও মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন খেজুর বাগান–উড়োজাহাজ ক্রসিং–লেক রোড হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

  • ধানমন্ডি, আসাদগেট ও ফার্মগেটমুখী যানবাহনের জন্য নির্ধারিত বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে।

  • এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানবাহনগুলোকে জানাজা চলাকালীন ফার্মগেট এক্সিট র‍্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি জানায়, শনিবার সকাল থেকে জানাজা ও দাফন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা এড়িয়ে চলার জন্য সকল চালক ও যাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার অনুরোধ জানানো হয়েছে।

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

error: Content is protected !!