আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আহমেদ এনটিভি অনলাইনকে জানান যে, ওসমান হাদী গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেলের ওয়ান-স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন আছেন।
ওসমান হাদীর ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে ইনকিলাব মঞ্চের বহু নেতাকর্মী হাসপাতালে ছুটে যান। তারা তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত আরোগ্য কামনা করছেন।
ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।