কক্সবাজারে ডাকাতি হত্যাকাণ্ডের মূল আসামী গ্রেফতার

উখিয়া প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশ: ৪ মাস আগে

কক্সবাজারের রামু থানার কাউয়ারখোপ এলাকায় সংঘটিত নৃশংস গরু ডাকাতি ও হত্যাকাণ্ডের মূল আসামী ইকবাল হোসেনকে চট্টগ্রাম জেলার বাঁশখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গ্রেফতারকৃত ইকবাল নিজেকে মসজিদের মুয়াজ্জিন হিসেবে ছদ্মবেশ ধারণ করেছিল।

গত ৩ জুন ২০২৫ খ্রিঃ মঙ্গলবার রাতে কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় ডাকাত জাহিদ ও তার সহযোগী দল কোরবানির গরু নিয়ে ফেরার পথে স্থানীয়দের ওপর হামলা চালায়। এই ঘটনায় পারভেজ (১৭) নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হন। পরবর্তীতে নিহতের পিতা থানায় মামলা দায়ের করেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এবং সদর ব্যাটালিয়নের চৌকস আভিযানিক দল তদন্ত শুরু করলে জানতে পারে, ইকবাল ছদ্মবেশ ধারণ করে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন সরল ইউনিয়নের হাজীরখিল এলাকায় অবস্থান করছে। তথ্য প্রযুক্তির সহায়তায় ২১ অক্টোবর ভোরে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল স্বীকার করেছে যে, সে ডাকাত জাহিদের দলের সদস্য এবং জাহিদের নির্দেশে আহমদ হোসেন (৫৫) ও সালাউদ্দিন পারভেজ (১৭) সহ তাদের পরিবারের ওপর দেশীয় অস্ত্র ও ছুরি দিয়ে হামলা চালানো হয়েছিল। এলোপাথাড়িভাবে মারধরের সময় পারভেজ নিহত হন এবং আহমদ হোসেন গুরুতর আহত হন।

গ্রেফতারকৃত আসামীর পরিচয়:

নাম: ইকবাল হোসেন (২২)

পিতা: মৃত হোসেন

গ্রাম: গাছুয়াপাড়া, ০৭ নং ওয়ার্ড, কাউয়ারখোপ ইউনিয়ন

থানা: রামু, জেলা: কক্সবাজার

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য রামু থানায় সোপর্দ করা হয়েছে।

error: Content is protected !!