রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বলে জানানো হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৬টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়ায় আরও ৫টি ইউনিট যোগ দেয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, “কড়াইল বস্তিতে আগুনের খবর পেয়ে দ্রুত ১১টি ইউনিট পাঠানো হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও পাঁচটি ইউনিট যুক্ত করতে হয়েছে। এখনো আগুন লাগার কারণ বা কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।”
রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানীর মাঝামাঝি প্রায় ৯০ একর জায়গাজুড়ে বিস্তৃত এই বস্তিতে ১০ হাজারের বেশি ঘর রয়েছে। ঘনবসতিপূর্ণ হওয়ায় এখানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে একই বস্তিতে ভয়াবহ আগুন লেগে অন্তত ডজনখানেক ঘর পুড়ে যায়। তার আগেও ২০২৪ সালের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বর বড় ধরনের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল কড়াইল বস্তি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ফায়ার সার্ভিস।