কুমিল্লায় পতিত জমি দখলকে কেন্দ্র করে আ.লীগ–বিএনপি সংঘর্ষ

দেশ এডিশন | ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

কুমিল্লার মেঘনা উপজেলায় পতিত জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাধানগর গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাধানগর গ্রামের একটি সংখ্যালঘু পরিবারের পরিত্যক্ত জমি দীর্ঘদিন ধরে পতিত অবস্থায় ছিল। ওই জমিতে বিএনপি নেতা শহিদ মিয়ার সমর্থক জসিম মিয়া মাটি ভরাট করে ঘর নির্মাণের উদ্যোগ নেন। এ সময় রাধানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম মিয়া বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে জসিম মিয়ার ছেলে রাতুলকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার বিচার চাইতে গেলে বিএনপি নেতা শহিদ মিয়াকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে জামাল মিয়া, রাতুল, তাসলিমা আক্তার, শহিদ মিয়া ও জসিম মিয়াসহ পাঁচজন আহত হন। আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শহিদ মিয়ার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত তাসলিমা আক্তার অভিযোগ করে বলেন, পরিত্যক্ত জমিতে ঘর নির্মাণে বাধা দেওয়া হয় এবং একটি শিশুকে মারধর করা হয়। পরে বিচার চাইতে গেলে তার স্বামীকে গুরুতরভাবে আহত করা হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!