খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়ন নিলেন জবির সাবেক শিক্ষার্থী জোবায়ের

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন ফেনী-১ থেকে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মনোনয়ন নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এহসানুল মাহবুব জোবায়ের। রবিবার (৯ নভেম্বর) বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জোবায়ের ফেনী-০১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়া এবং জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী এস. এম. কামাল উদ্দিন রয়েছেন।

এহসানুল মাহবুব জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে মাধ্যমিক (২০১৪) ও উচ্চমাধ্যমিক (২০১৬) পাশ করেছেন। এর আগে তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন ফরম নেওয়ার পর জোবায়ের বলেন, “আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।” তিনি আরও জানান, “বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে বগুড়ার আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক কথা হয়েছে। আশা করি, দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।”

এহসানুল মাহবুব জোবায়ের বর্তমানে বায়িং হাউজ ব্যবসার সঙ্গে যুক্ত। তার পিতা-মাতা উভয়েই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত।

error: Content is protected !!