চট্টগ্রাম বিমানবন্দরে বাতিল ১৮৬ আন্তর্জাতিক ফ্লাইট

চট্টগ্রাম প্রতিনিধি | দেশ এডিশন:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের সূচিতে পরিবর্তন অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার (২৫ মার্চ) আরও কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুটি এবং দুটি আগত ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট এবং এয়ার অ্যারাবিয়ার একটি আগত ও একটি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে এ পরিস্থিতির মধ্যেও বুধবার বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আটটি আগত এবং চারটি বহির্গামী ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে পরিচালিত সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের কিছু ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট সূচিতে অনিয়মিত পরিবর্তন দেখা যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ১৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

ফ্লাইট সূচির এই পরিবর্তনের কারণে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় কিছুটা অসুবিধা তৈরি হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

error: Content is protected !!