চরফ্যাশনে জামায়াতের প্রচারগাড়িতে হামলা বিএনপি নেতার

মাওলানা মোঃ আল ইমরান প্রতিনিধি চরফ্যাশন উপজেলা
প্রকাশ: ৪ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামী–র নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি ডিজিটাল প্রচারগাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভোলা-২ আসনের চরফ্যাশন উপজেলার টবগী ইউনিয়নে।

দলীয় সূত্রে জানা যায়, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিম–এর পক্ষে প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে হামলা চালায়। অভিযোগ করা হয়েছে, স্থানীয় কয়েকজন বিএনপি সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত।

অভিযোগ অনুযায়ী, টবগী ইউনিয়নের দরগা নসু মিয়া হাওলাদার বাড়ির সামনে প্রচারগাড়িটি থামানো হলে একদল ব্যক্তি এসে গাড়ি ভাঙচুর করে। এ সময় গাড়ির চালকসহ তিনজনকে জোরপূর্বক পাশের একটি কবরস্থানে নিয়ে আটকে রাখা হয় বলেও দাবি করা হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে তাদের ছেড়ে দেওয়া হয়।

ঘটনার সঙ্গে জড়িত হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করা হলেও, এ বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

error: Content is protected !!