চাটখিলে রাস্তার কাজ বন্ধের হুমকি, ফাঁকা গুলিতে এলাকায় আতঙ্ক

মাওলানা ফরহাদ হোসাইন আশরাফী
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নোয়াখালীর চাটখিল উপজেলায় রাস্তার কাজ বন্ধের হুমকি দিয়ে ফাঁকা গুলি করার ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে খিলপাড়া–টু–সাধুরখিল সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় রাস্তার উন্নয়ন কাজ চলছিল। গত সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাত তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে।

হেলমেট পরিহিত অবস্থায় তারা শ্রমিকদের কাজ বন্ধ করার নির্দেশ দেয়। একপর্যায়ে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে তারা পরপর তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর বিষয়টি চাটখিল থানা পুলিশকে জানানো হলে খিলপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে চাটখিল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

error: Content is protected !!