চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না: শফিকুল আলম

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন
প্রকাশ: ২ মাস আগে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে তিনি বলেছেন, দেশজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ সাহসী তরুণের মতো তিনিও ভয় পান না।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লেখেন, দায়িত্ব গ্রহণের ১৬ মাস পূর্ণ হলেও সাম্প্রতিক সহিংস ঘটনার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। হাদির ওপর নৃশংস গুলিবর্ষণের পর থেকেই বিষয়টি তার ভাবনায় ও দোয়ায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি জানান, নির্বাচনের প্রাক্কালে তার পরিবার তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে তিনি নিজে আতঙ্কিত নন। শফিকুল আলম লেখেন, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে তিনি অসংখ্য সাহসী তরুণের মুখোমুখি হয়েছেন, যারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে ভয় পায় না।

তিনি আরও উল্লেখ করেন, দেশের রাজনীতিতে একটি নতুন প্রজন্ম সক্রিয় হয়েছে, যারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার প্রত্যয়ে কাজ করছে। এই প্রজন্ম যতদিন তাদের অবস্থান ধরে রাখবে, ততদিন ভয় বা হতাশার কোনো কারণ দেখেন না বলে মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, সামনের দিনগুলোতে দেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তরুণদের সাহস ও প্রত্যয় বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেবে। তিনি আশা প্রকাশ করেন, এসব তরুণের নেতৃত্বে বাংলাদেশ ভবিষ্যতেও পথ হারাবে না।

error: Content is protected !!