চোখের সামনে ভেসে গেল দশ হাজার তরমুজ, হতাশায় চাষিরা

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ১ ঘন্টা আগে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তেতুলিয়া নদীর মোহনায় তরমুজবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনায় প্রায় ১০ হাজার তরমুজ পানিতে ভেসে গেছে। এতে স্থানীয় তরমুজ চাষিদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর মার্গারেট গ্রামের আবু মিয়ার স্লুইসঘাট এলাকা থেকে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার মশুরীঘাটে তরমুজ নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চর মার্গারেট গ্রামের তরমুজ চাষি ওহাব খান ও বোয়ালিয়া এলাকার ইলিয়াস গাজী ভাড়ায় চালিত মিলন খাঁনের একটি ট্রলারে করে প্রায় ১০ হাজার তরমুজ বিক্রির জন্য গলাচিপার মশুরীঘাটে নিয়ে যাচ্ছিলেন। পথে তেতুলিয়া নদীর মোহনায় পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়া ও তীব্র ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এতে ট্রলারে থাকা তরমুজগুলো নদীতে পড়ে গিয়ে স্রোতের সঙ্গে ভেসে যায়।

এ সময় আশপাশে থাকা কয়েকটি জেলে ট্রলারের জেলেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ভেসে যাওয়া তরমুজ উদ্ধারের চেষ্টা চালান। তবে অনেক তরমুজ নদীর স্রোতে হারিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, উত্তাল ঢেউয়ের মধ্যে শত শত তরমুজ নদীর পানিতে ভেসে যাচ্ছে এবং জেলেরা সাঁতার কেটে ও ছোট ট্রলারের মাধ্যমে সেগুলো উদ্ধারের চেষ্টা করছেন।

ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, তারা ধারদেনা করে তরমুজ চাষ করেছেন। হঠাৎ এই দুর্ঘটনায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাদের দাবি, রাঙ্গাবালীর দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে প্রায়ই এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নদীপথে পণ্য পরিবহন করতে হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের কাছে আর্থিক সহায়তা ও এই রুটে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ফেরি চালুর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

error: Content is protected !!