সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নেওয়ার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। তবে জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এজন্য রাতভর তাকে ডিবি কার্যালয়েই রাখা হয়েছে।
রোববার দিবাগত রাতে ডিবি প্রধান শফিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, “সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে উত্তর দিতে পারছেন না। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন, তাই তাকে ডিবি কার্যালয়েই থাকতে হচ্ছে।”
এর আগে রোববার রাতে আনিস আলমগীরকে ডিবিতে নেওয়া হয়। ডিবি প্রধান জানান, তাকে কিছু নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি সূত্রে জানানো হয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা এখনই স্পষ্ট নয়। শুধু নির্দিষ্ট কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাকী তথ্য ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হবে।