কুমিল্লা-৮ (বরুড়া) আসনে গণসংযোগকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের মুগজী টাওয়ার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জামায়াতের প্রার্থী ড. শফিকুল আলম হেলাল দাবি করেছেন, শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে তাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে দলের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তাদের এলাকা ত্যাগে বাধ্য করে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা কুমিল্লা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন–এর অনুসারী।
তবে অভিযোগ অস্বীকার করে জাকারিয়া তাহের সুমন বলেন, “জামায়াতের প্রচারণার সময় আমাদের লোকজনের সঙ্গে কিছুটা কথাকাটাকাটি হয়েছে শুনেছি। দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ সঠিক নয়।”
স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার প্রতিবাদে বিকেলে বরুড়া বাজারে ১১ দলীয় ঐক্যজোট বিক্ষোভ মিছিল করে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “উভয় পক্ষের গণসংযোগ কর্মসূচি চলছিল। এক পর্যায়ে মুখোমুখি অবস্থান হলে উত্তেজনা তৈরি হয়। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।