আগামীকাল ২৫ অক্টোবর (শনিবার) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসের মধ্যে গণভোটসহ পাঁচ দফা দাবিতে সারাদেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। তিন দিনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা আটটি রাজনৈতিক দল এ কর্মসূচি পালন করবে।
এর আগে গত ১৯ অক্টোবর (রবিবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। অংশগ্রহণকারী আটটি দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যে উক্ত আদেশের উপর গণভোট আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে (উচ্চ কক্ষে) পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে দলগুলো জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ও গণভোটের দাবিকে নতুন করে সামনে আনার ঘোষণা দিয়েছে।