বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)—এই আটটি সমমনা রাজনৈতিক দল, যারা দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে।
সমাবেশে বক্তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আইনি বৈধতা ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আমরা চাই একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও ন্যায্য নির্বাচন, যেখানে জনগণের ইচ্ছাই হবে সর্বোচ্চ ভিত্তি।”
সমাবেশে উপস্থিত অন্য নেতারাও একই দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান এবং জানান, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সূত্র: দেশ এডিশন