জুলাই সনদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি: এনসিপি নেতা সারজিস আলম

দেশ এডিশন অনলাইন ডেস্ক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, জুলাই সনদের নীতিমালা থেকে সরে গিয়ে বিএনপি তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে, যা জনগণের জন্য ইতিবাচক বার্তা নয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, জুলাই সনদ অনুযায়ী সংসদের স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তা অনুসরণ করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, দেশের জনগণ বিভিন্ন সংস্কার, বিচার এবং রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রত্যাশা করে। এসব বিষয়ে অগ্রগতি না হলে সরকারের জন্য রাজনৈতিকভাবে টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলেও তিনি সতর্ক করেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনে কিছু আসনে পরিকল্পিতভাবে ফলাফল প্রভাবিত করার অভিযোগ রয়েছে। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নির্বাচনে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় তারা আরও সতর্ক থাকবেন বলে জানান।
তিনি আরও অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। তবে আসন্ন স্থানীয় নির্বাচনে এ ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
এনসিপির এই নেতা বলেন, তাদের জোট এককভাবে অথবা সম্মিলিতভাবে নির্বাচনে অংশ নিলেও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার বিষয়ে তারা কঠোর অবস্থানে থাকবেন।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত একটি সিদ্ধান্ত নিয়েও তিনি বিএনপির সমালোচনা করেন।

error: Content is protected !!