টেকনিক্যাল ত্রুটিতে জকসু নির্বাচন সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ মাস আগে

টেকনিক্যাল ত্রুটির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আনিসুর রহমান।

মঙ্গলবার রাতে তিনি বলেন, “টেকনিক্যাল কারণে আমরা আপাতত ভোট বন্ধ রেখেছি। এই মুহূর্তে নির্বাচন কমিশন ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমে বসবে। ভিপি ও জিএস পদপ্রার্থীরাও সেখানে উপস্থিত থাকবেন। সবার মতামতের ভিত্তিতে আমরা একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত নেব।”

তিনি আরও জানান, নির্বাচনের আগে তিন দিন ট্রায়াল দেওয়া হয়েছিল এবং তখন কোনো ধরনের ত্রুটি দেখা যায়নি। তবে ভোট চলাকালীন হঠাৎ করেই কারিগরি সমস্যার উদ্ভব হয়।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় জকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজার ৬৪৫ জন। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে স্থাপিত ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

টেকনিক্যাল সমস্যার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কার্যক্রম জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

error: Content is protected !!