ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী কাইয়ুমের বৈধতা চ্যালেঞ্জ, নাহিদের রিট

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বিদেশি নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে রিটে।

সোমবার হাইকোর্ট বিভাগ-এর সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রিটে দাবি করা হয়েছে, ড. এম এ কাইয়ুম বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপন করেছেন, যা নির্বাচনী আইন অনুযায়ী গুরুতর অনিয়ম এবং প্রার্থিতার বৈধতার সঙ্গে সাংঘর্ষিক।

রিট আবেদন অনুযায়ী, বিষয়টি তদন্তসাপেক্ষে তার প্রার্থিতা স্থগিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। আদালত রিটটি শুনানির জন্য গ্রহণ করলে নির্বাচন প্রক্রিয়ায় এর প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

এর আগে একই আসনে নাহিদ ইসলাম এবং ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তের পরই এ আইনি পদক্ষেপ নেওয়া হলো।

এ বিষয়ে ড. এম এ কাইয়ুম বা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, রিটকারী পক্ষ বলছে, “নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে আইনগত পথেই তারা এগোচ্ছেন।”

রিটের ওপর আদালতের আদেশের পরবর্তী পদক্ষেপের দিকে এখন সবার নজর।

error: Content is protected !!