আগামী জাতীয় নির্বাচনে তরুণ প্রার্থীদের বেশি সংখ্যায় মনোনয়ন দেওয়ার বিষয়ে সক্রিয়ভাবে ভাবছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ বিষয়ে ঢাকায় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে দলের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ৪৫ বছরের পুরোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিভিন্ন নির্বাচনী এলাকায় বহু সাবেক এমপি রয়েছেন, যারা এবারও মনোনয়ন প্রত্যাশী। তবে তাদের অনেকের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে। তারা এলাকায় সম্মানিত হলেও দলের অভ্যন্তরে এখন ভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করা হচ্ছে।
দলীয় সূত্র মতে, ২০০৮ সালের পর গত ১৭ বছরে তিনটি বিতর্কিত নির্বাচনে দেশের বড় অংশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সেই সময়ে যাদের বয়স ছিল ১৮ বছরের নিচে, তারা এখন ৩০–৩৫ বছর বয়সী তরুণ ভোটার। ফলে এই প্রজন্মের ভোটারদের মন জয় করতেই তরুণ নেতৃত্বকে সামনে আনার চিন্তা করছে বিএনপি।
বর্তমানে বাংলাদেশে মোট ভোটারের প্রায় ৬০ শতাংশই তরুণ শ্রেণির অন্তর্ভুক্ত। এ কারণেই বিএনপি মনে করছে, সময় এসেছে তরুণ নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এবং তাদের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধারের।