রংপুরের তারাগঞ্জ উপজেলা-এ নিখোঁজের তিন দিন পর মনজুরুল ইসলাম (৪৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজার সংলগ্ন একটি আলুর ক্ষেত থেকে তার মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনজুরুল ইসলাম কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয়রা আলুর ক্ষেতের পাশের একটি তামাক ক্ষেতে রক্তের চিহ্ন ও এক জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্যান্ডেলগুলো মনজুরুলের বলে শনাক্ত করেন। তবে সেদিন ব্যাপক অনুসন্ধানের পরও মরদেহের হদিস মেলেনি।
বৃহস্পতিবার দুপুরে রামপুরা পীরের মাজার এলাকার আলুর ক্ষেতে অস্বাভাবিকভাবে খোঁড়া নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুরতহাল প্রতিবেদন ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।