তেলের দাম ঊর্ধ্বমুখী, এশিয়া ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধস

দেশ এডিশন আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রভাবে বৈশ্বিক জ্বালানি ও পুঁজিবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ সংকটের আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সোমবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক দিনের ব্যবধানে প্রায় ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক মূল্যও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। টোকিওর স্থানীয় সময় দুপুর পর্যন্ত প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়ায় ৭৬ দশমিক ৪৮ ডলার। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। এশিয়ার প্রধান স্টক মার্কেটগুলো দরপতনের মধ্য দিয়ে লেনদেন শুরু করে। হংকংয়ের হ্যাং সেং সূচক এবং জাপানের নিক্কেই ২২৫ সূচক যথাক্রমে প্রায় ১ শতাংশ ও দেড় শতাংশের কাছাকাছি কমে যায়।

এদিকে যুক্তরাষ্ট্রে নিয়মিত বাজার শুরুর আগেই স্টক ফিউচার সূচকগুলো বড় ধরনের ক্ষতির ইঙ্গিত দিয়েছে। এতে ওয়াল স্ট্রিট–এ একটি নেতিবাচক লেনদেন দিনের আশঙ্কা তৈরি হয়েছে। এসঅ্যান্ডপি ৫০০ এবং প্রযুক্তিনির্ভর নাসদাক কম্পোজিট ফিউচার উভয়ই প্রায় ০ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা অব্যাহত থাকলে জ্বালানি ও বৈশ্বিক বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

error: Content is protected !!