ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারের ক্ষেত্রে আচরণবিধি শিথিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে মাইক ব্যবহারের সংখ্যা এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপনের শর্তাবলী সহজ করা হচ্ছে। সংশোধনী প্রস্তাব গত সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
নতুন প্রস্তাব অনুযায়ী, একজন প্রার্থী বা দল যদি জনসভা আয়োজন করেন, সেই দিনে তারা মোট ছয়টি মাইক ব্যবহার করতে পারবেন। এর মধ্যে তিনটি মাইক জনসভার জন্য এবং বাকি তিনটি সাধারণ প্রচারের জন্য নির্বাচনি এলাকার যেকোনো স্থানে ব্যবহার করা যাবে। তবে জনসভার স্থানে তিনটির বেশি মাইক ব্যবহার করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
এছাড়া, ডিজিটাল ডিসপ্লে বোর্ড বা ব্যানারের সংখ্যা নিয়েও শিথিল করা হচ্ছে। আগে একটি সংসদীয় আসনে সর্বোচ্চ ২০টি ডিজিটাল বোর্ড স্থাপনের বিধান ছিল। নতুন প্রস্তাবে নির্বাচনি এলাকার প্রতিটি পৌরসভা বা ইউনিয়নে একটি করে ডিজিটাল বোর্ড স্থাপন করা যাবে। যদি সংসদীয় আসনটি সিটি করপোরেশন এলাকার মধ্যে পড়ে, তবে প্রতিটি ওয়ার্ডে একটি করে ডিজিটাল ব্যানার বা ডিসপ্লে বোর্ড স্থাপনের অনুমতি থাকবে।
ইসি সূত্র জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং নির্বাচনি বাস্তবতার প্রেক্ষাপটে এই শর্তাবলী শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধনীগুলো কার্যকর হলে জনসভার দিন প্রচারের সুযোগ বাড়বে এবং ডিজিটাল প্রচার আরও সহজ হবে। কমিশন আশা করছে, তফসিল ঘোষণার আগে আইন মন্ত্রণালয় অনুমোদন দেবে।