ত্রিশালের বালিপাড়ায় পুলিশ ফাঁড়ি নির্মাণের ঘোষণা

আবু সাইদ, ত্রিশাল :
প্রকাশ: ৫ ঘন্টা আগে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। একইসঙ্গে ত্রিশাল উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন—সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, ত্রিশাল থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা রুবেল, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব এবং কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী।

সভায় বক্তারা এলাকার মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে প্রশাসনের কঠোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, সামাজিক অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। তিনি জানান, বালিপাড়া ইউনিয়নে পুলিশ ফাঁড়ি স্থাপনের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “ত্রিশালকে মাদকমুক্ত করতে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিয়মিত সভা, নজরদারি ও সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।

error: Content is protected !!