পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলায় রোববার (৯ নভেম্বর) ভোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে কাফনের কাপড় জড়িয়ে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে শুরু হয়ে আদালত এলাকায় গিয়ে শেষ হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দশমিনা সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জায়েদ প্যাদা কাফনের কাপড় পরে মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রলীগ নেতাও অংশগ্রহণ করেন। মিছিলে সাবেক এমপি এসএম শাহজাদার ছবি সম্বলিত ব্যানার ও শেখ হাসিনার ছবি প্রদর্শিত হয়, এবং বীরের বেসে ও নৌকা প্রতীকের সঙ্গে নানান স্লোগান উচ্চারণ করা হয়।
এদিকে, একই দিন উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদসহ শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখা হয়।
দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলিম মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোরে এই মিছিলের খবর পেয়েছি। এটি ছিল ঝটিকা মিছিল। মিছিল শেষ হওয়ার পর তারা আত্মগোপনে চলে গেছে। আমরা তাদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছি।”