দাবি আদায়ে অনড় এলপিজি ব্যবসায়ীরা, সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ মাস আগে

সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটি জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

বুধবার এক লিখিত নোটিশে সমিতি জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে দেশের সব এলপিজি বিপণন কেন্দ্র ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সকল কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হবে। এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবির কথা তুলে ধরে এলপিজি ব্যবসায়ীরা। তারা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য সমন্বয় করতে হবে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে। সময়সীমা শেষ হওয়ার পর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি।

এ বিষয়ে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান বুধবার রাত ১১টার দিকে গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকাল থেকেই এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে তাদের একটি বৈঠক নির্ধারিত রয়েছে। বৈঠকে দাবি মেনে নেওয়া হলে পুনরায় এলপিজি সিলিন্ডার বিক্রি শুরু করা হবে, অন্যথায় কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে হঠাৎ করে এলপিজি সরবরাহ বন্ধের ঘোষণায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে যেসব এলাকায় রান্নার গ্যাস হিসেবে পুরোপুরি এলপিজির ওপর নির্ভরশীলতা বেশি, সেখানে সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

error: Content is protected !!