রিয়াদ সিজনের বাংলাদেশ পর্বে বিশেষ পারফরম্যান্সে অংশ নিচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শুটিং ও স্টেজ পরিবেশনার ব্যস্ততার মাঝেই এক ছোট্ট ঘটনা তাকে ভীষণভাবে আবেগাপ্লুত করেছে।
হোটেলের রুমে অনুপস্থিত থাকাকালীন পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আসা এক পরিচ্ছন্নতাকর্মী দীঘির প্রতি তার ভালোবাসা জানিয়ে একটি চিঠি লিখে রেখে যান। প্রিয় তারকার সঙ্গে দেখা করার ইচ্ছে ও শুভকামনায় পরিপূর্ণ সেই চিঠি দেখে ফিরে এসে নিজেকে সামলাতে পারেননি দীঘি।
সাধারণ এক পরিচ্ছন্নতাকর্মীর হৃদয়ছোঁয়া ভাষায় লেখা চিঠিটি আপাত দৃষ্টিতে ছোট হলেও শিল্পীর প্রতি ভক্তদের গভীর ভালোবাসারই প্রতিচ্ছবি। দীঘি চিঠিটি দেখেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
পরবর্তীতে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তদের এই ভালোবাসায় চমকে উঠেছে নেটদুনিয়াও। অনেকেই মন্তব্য করেছেন—“এটাই প্রকৃত তারকা–যার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা নিখাদ ও নির্মল।”
রিয়াদ সিজনে বাংলাদেশের এই বিশেষ অংশগ্রহণে অতিরিক্ত আলো ছড়িয়েছেন দীঘি—মঞ্চে নয়, ভক্তের হৃদয়েও।