পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেকান্দর প্যাদা (পিতা: মো. আবুল প্যাদা) গত দুই বছরের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে পরিবার ও স্বজনরা।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর মাসে মো. সেকান্দর প্যাদা বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় পরিবার।
পরবর্তীতে নিখোঁজের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মাধ্যমে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি বলে জানান পরিবারের সদস্যরা।
নিখোঁজ সেকান্দর প্যাদার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় দুই বছরের বেশি সময় ধরে তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন—এমন কোনো নিশ্চিত তথ্য না থাকায় পরিবারটি গভীর মানসিক যন্ত্রণার মধ্যে দিন পার করছে।
পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, এখনো শেষ আশা নিয়ে তাকে খুঁজে চলেছেন তারা। পরিবারের একমাত্র দাবি, কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার কোনো সন্ধান পেয়ে থাকেন বা তথ্য জানেন, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।
প্রিয়জনের ফেরার আশায় দিন গুনছে পরিবার। এক নজর দেখার অপেক্ষায় এখনো চোখ পেতে আছে স্ত্রী-সন্তানসহ স্বজনরা—তিনি আজও বেঁচে আছেন, এই সামান্য আশাই তাদের বাঁচিয়ে রেখেছে।