সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার আহ্বান – শায়খে চরমোনাইয়ের

সোহাদ হোসেন প্রান্ত, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২ মাস আগে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) মন্তব্য করেছেন যে, দেশের মানুষ একটি “স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন” দেখতে চায়। তিনি বলেন, জনগণের এই প্রত্যাশা পূরণ করা বর্তমান অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে অস্থিরতা কিংবা বিলম্বের যেকোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না উল্লেখ করে তিনি বলেন, যারা অতীত সময়ে নির্বাচন নিয়ে সক্রিয় ছিলেন, তাদের নীরবতা এখন বিস্ময় তৈরি করছে। তিনি আরও জানান, ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন আয়োজন করা জনগণের প্রত্যাশা।

তিনি সতর্ক করে বলেন, “যদি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, জনগণ তা কখনোই সহজভাবে নেবে না।”

জনসভায় তিনি সমাজে বিদ্বেষ সৃষ্টিকারী, চাঁদাবাজ ও বিদেশে অর্থপাচারকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে বাঁচতে চায়। ব্যবসায়ীরা চাঁদামুক্ত ব্যবসা, নারীরা নিরাপত্তা, কর্মজীবীরা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি এবং শ্রমজীবীরা ন্যায্য অধিকার প্রত্যাশা করে। তিনি দাবি করেন, বিপুল পরিমাণ অর্থ পাচার না হলে দেশে দারিদ্র্যের হার আরও কম হত।

সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটি নারায়ণগঞ্জ-৪ এর আহ্বায়ক মুহা. শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, নগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ-৪ এর হাতপাখার প্রার্থী মাওলানা ইসমাঈল সিরাজি, জেলা সভাপতি মাওলানা মো. দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

error: Content is protected !!