দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেবে সরকার

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও শক্তিশালী করা এবং তদারকি জোরদার করার লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় এই ট্যাগ অফিসার নিয়োগ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) তাদের অধিক্ষেত্রের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।

সভায় আরও জানানো হয়, নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন জমা দেবেন।

এছাড়া, প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে সংশ্লিষ্ট তথ্য দ্রুত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও স্বচ্ছ ও কার্যকর হবে এবং বাজারে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে।

error: Content is protected !!