দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুত প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ সব সময় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

শুক্রবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতারের আয়োজন করা হয়।

ইফতারের আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই ইফতার কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি নানা জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এই মূল্যবোধ একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনের ভিত্তি।

তিনি আরও বলেন, স্বাধীনতা রক্ষা, মানবাধিকার নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান দৃঢ়। পাশাপাশি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

শুভেচ্ছা বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সমমর্যাদা, পারস্পরিক স্বার্থ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে।

ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে একই টেবিলে ইফতার করেন ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ধর্মপাল বীরাককোডি।

এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ফ্রান্স, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, ফিলিস্তিন, রাশিয়া, থাইল্যান্ড, কাতার ও ওমানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অনুষ্ঠানে অংশ নেন।

ইফতার অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা, বিএনপির নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

error: Content is protected !!