আগামী ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বাজারে ছাড়া হচ্ছে নতুন নকশার ৫০০ টাকার ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথমে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকে সরবরাহ করা হবে।
নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য ও আধুনিক নকশা যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর স্বাক্ষরিত এই নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৫২ মিমি x ৬৫ মিমি।
জলছাপ হিসেবে থাকবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ।
নোটে সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে।
সম্মুখভাগের বাম পাশে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি।
ব্যাকগ্রাউন্ডে পাতা ও কুঁড়িসহ ফুটন্ত শাপলার নকশা।
পেছনভাগে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।
নতুন ৫০০ টাকার নোটে যুক্ত করা হয়েছে ১০টি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য—
সম্মুখভাগের ডান কোণে মুদ্রিত মূল্যমান ‘৫০০’ রঙ পরিবর্তনশীল নিরাপত্তা কালিতে ছাপা, যা নাড়াচাড়া করলে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়।
এর ভেতরে কোণাকুণিভাবে আরেকটি ‘৫০০’ লেখা স্পষ্টভাবে দেখা যায়।
বাম পাশে রয়েছে ৪ মিমি চওড়া প্যাঁচানো নিরাপত্তা সুতা, যা লাল ও স্বর্ণালী বারের সমন্বয়ে তৈরি।
নোট নাড়ালে লাল অংশ সবুজ রঙে রূপ নেয়, আর স্বর্ণালী বার রংধনুর মতো উজ্জ্বল হয়ে উপরের দিক থেকে নিচে সরে যেতে দেখা যায়।
দৃষ্টি–প্রতিবন্ধী ব্যবহারকারীদের সুবিধার্থে নোটের ডানদিকের নীচে পাঁচটি ছোট উঁচু বৃত্ত রাখা হয়েছে, যা স্পর্শে সহজেই অনুভবযোগ্য।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট বাজারে আসার পর পুরোনো নোটও প্রচলনে থাকবে।