“নতুন প্রজন্ম পুরোনো ৭১ বয়ান আর খাবে না”: এটিএম আজহার

মাহবুবার রহমান খান | দেশ এডিশন
প্রকাশ: ৫ দিন আগে

রংপুরের বদরগঞ্জ উপজেলায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় এটিএম আজহারুল ইসলাম বলেছেন, মহান মুক্তিযুদ্ধ নিয়ে “পুরোনো ও গতানুগতিক বয়ান” দিয়ে বর্তমান প্রজন্মকে আর প্রভাবিত করা যাবে না। তিনি দাবি করেন, নতুন প্রজন্ম অতীতের রাজনৈতিক বক্তব্যের চেয়ে বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ নিয়ে বেশি আগ্রহী।

শুক্রবার সন্ধ্যায় বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় লোহানিপাড়া ইউনিয়ন সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইউনিয়ন সেক্রেটারি অনাবিল লহানি জাদু, উপজেলা আমির কামারুজ্জামান, জেলা জামায়াতের সদস্য মাওলানা আব্দুল হান্নান ও নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম আলীসহ স্থানীয় নেতারা।

বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করা প্রয়োজন। তার ভাষ্য, “চাঁদাবাজ, টেন্ডারবাজ, অর্থ পাচারকারী ও ব্যাংক লুটকারীদের রোধ করতে বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজন রয়েছে।”

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সমর্থকদের সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান। এর আগে আরেক সমাবেশে তিনি প্রতিবেশী দেশের প্রভাবের সমালোচনা করে বলেন, দেশের রাজনৈতিক সিদ্ধান্ত দেশের জনগণের ইচ্ছার ভিত্তিতেই হওয়া উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল অতীতে দুর্নীতিতে জড়িত থাকার পরও আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে।

নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তাদের দল প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নারীদের ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। সভায় স্থানীয় নেতারা বলেন, নির্বাচনে অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

error: Content is protected !!