ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—
জিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৭০),
শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ওরফে ধনু মেম্বার (৭৫),
শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক আবু জাফর জামাল (৬০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন রাজনৈতিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
স্থানীয়দের বক্তব্যে জানা গেছে, “এরা মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে এবং দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ভয়ে কেউ মুখ খুলতে পারত না।” তবে কেউ কেউ মনে করছেন, নবীনগরে দীর্ঘদিন ধরে স্থিতিশীল থাকা আওয়ামী-বিএনপি রাজনীতিতে এই গ্রেফতার নতুন প্রভাব ফেলতে পারে।
নবীনগর থানার ওসি শাহিনূর ইসলাম বলেন, “আদালতের জারি করা ওয়ারেন্ট বাস্তবায়ন করতেই আমরা তাদের গ্রেফতার করেছি। আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”