ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় এখনো ধানের শীষ প্রতীকের চূড়ান্ত বরাদ্দ হয়নি। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাপস গ্রুপের পক্ষ থেকে চলছে “আলহামদুলিল্লাহ”র ঝড়। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকরা প্রচারে ব্যস্ত, কেউ কেউ আগাম অভিনন্দন জানাচ্ছেন সম্ভাব্য প্রার্থীকে।
তাপস সমর্থকদের দাবি, লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ফোনকল পেয়েছেন কাজী নাজমুল হোসেন তাপস। এই খবর ছড়িয়ে পড়তেই নবীনগরের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তাপ, উচ্ছ্বাস ও প্রত্যাশার ঢেউ।
এদিকে তাপস গ্রুপের নেতাকর্মীরা মাঠে-ঘাটে, ঘরে-ঘরে পৌঁছে দিচ্ছেন বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি। তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ নেতাকর্মী পর্যন্ত সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন—“তারেক রহমানের দিকনির্দেশনা বাস্তবায়ন” এই লক্ষ্য সামনে রেখে।
নবীনগরবাসী এখন তাকিয়ে আছে কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে। ধানের শীষ প্রতীকের চূড়ান্ত বরাদ্দ যারই হোক না কেন, তাপস গ্রুপের একতা, সংগঠন ও উচ্ছ্বাস ইতিমধ্যেই স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কাজী নাজমুল হোসেন তাপস ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী।