নরসিংদীতে প্রথমবারের মতো মেক্সিকোর কসমস ফুলের বাগান গড়ে উঠেছে, যা ইতোমধ্যে দর্শনার্থীদের বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে। মনোমুগ্ধকর পরিবেশে ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা।
বাগানে প্রবেশে জনপ্রতি ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অল্প খরচে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ থাকায় দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে। বাগান কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিদিন গড়ে প্রায় আট হাজার টাকা আয় হচ্ছে।
বাগান কর্তৃপক্ষ জানায়, চলতি বছর নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দী এলাকায় মেঘনা নদীর তীরে শেখ হাসিনা সেতু সংলগ্ন ঢালু জমিতে মেক্সিকোর কসমস ফুলের আবাদ শুরু করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এখানে আসছেন।
বাগানে বেড়াতে আসা দর্শনার্থী সিয়াম খান বলেন,
“৫০ টাকার টিকিট কেটে মেক্সিকোর কসমস ফুলের বাগানে প্রবেশ করেছি। টেলিভিশনে এমন বাগান দেখেছি, কিন্তু বাস্তবে কখনো দেখা হয়নি। ফেসবুকে দেখে শিবপুর থেকে তিন বন্ধু মিলে এখানে এসেছি। এটি আমাদের জন্য এক নতুন ও চমৎকার অভিজ্ঞতা।”
এ বিষয়ে নরসিংদী কৃষি অধিদপ্তরের উপপরিচালক ডা. মুহাম্মদ আজিজুর রহমান বলেন,
“জেলায় ২০ হেক্টর জমিতে মেক্সিকোর কসমস ফুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। বাস্তবে ১৮ হেক্টর জমিতে চাষ সম্পন্ন হয়েছে। মেঘনা নদীর তীরবর্তী ঢালু জমিতে এই ফুল চাষের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে। শেখ হাসিনা সেতু সংলগ্ন নাগরিয়াকান্দীর ট্যুরিজম সানফ্লাওয়ার গার্ডেনের উদ্যোক্তারা যদি আমাদের কাছে সহযোগিতা চান, তবে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।”
স্থানীয়দের ধারণা, এই উদ্যোগ নরসিংদীর পর্যটন সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।