নলছিটিতে যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক, মাদক ও অস্ত্র উদ্ধার

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ দিন আগে

নলছিটি উপজেলাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন পৌর এলাকার গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫) এবং সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গিয়াস মল্লিক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সোহরাব আকন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার এবং লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে পৌর এলাকার অনুরাগ গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—
৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৬০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ অর্থ।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযান নলছিটি উপজেলায় চলমান মাদকবিরোধী কার্যক্রমের অংশ। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং অপরাধী চক্রের দৌরাত্ম্য দমনই এ অভিযানের মূল লক্ষ্য।

এদিকে স্থানীয় এলাকাবাসী যৌথ বাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে এলাকায় মাদকের প্রবাহ নিয়ন্ত্রণে আসবে এবং যুবসমাজ নিরাপদ থাকবে।

error: Content is protected !!