আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে দুইটি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রকাশ করা হয়।
ঘোষিত দুই আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট আল আমিন, আর নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়ন পেয়েছেন আহমেদুর রহমান তনু। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি তিনটি আসনেও খুব শিগগিরই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন বলেন, “নারায়ণগঞ্জের দুইটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছি। বাকি আসনগুলোতেও অতি শিগগির মনোনয়ন ঘোষণা করা হবে। আমাদের প্রার্থীরা নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই শক্ত অবস্থান তৈরি করবে।”
মনোনয়ন ঘোষণার অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্যযোগ্য ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের মাঠে এনসিপির এই পদক্ষেপ নতুন উদ্দীপনা তৈরি করবে।
এদিকে ভোটারদের মধ্যে ইতোমধ্যে নতুন মুখ ও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে তৎপর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এখন বাকী তিনটি আসনের মনোনয়নের অপেক্ষা।