জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে নারীদের জন্য পাঁচ ঘণ্টা কর্মঘণ্টা বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি যদি এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সরকার সেই প্রতিষ্ঠানের ক্ষতি পূরণে তিন ঘণ্টার ভর্তুকি দেবে।
তিনি আরও বলেন, “যেসব নারী কর্মক্ষেত্রে না গিয়ে ঘরে সময় দেবেন, সমাজ ও পরিবারকে সেবা করবেন, সরকার তাদের সম্মানিত করবে।”
সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় জামায়াতের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “ঘুনেধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমাজের ময়লা পরিষ্কার করতে চাই। সমাজের আবর্জনা পরিষ্কার করতেই আমাদের যুদ্ধ।”
সব শিশুর সমান অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র কাজ করবে জানিয়ে জামায়াত আমির বলেন, “কোনো শিশুর জন্ম কোন পরিবারে হয়েছে তা বিচার করা হবে না। সব শিশুকে সমান অধিকার দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।”
জনগণের সঙ্গে সরাসরি সম্পর্কের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা নির্বাচিত হলে সমস্যার সমাধানে মানুষকে পয়সা খরচ করে আমার কাছে আসতে হবে না; বরং আমরা নিজেরাই জনগণের কাছে যাব। অগ্রাধিকার ভিত্তিতে এলাকার সমস্যার সমাধান করা হবে।”
সূত্র: দেশ এডিশন