নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: বাঘাইছড়িতে ইউএনও আমেনা মারজান

রুপম চাকমা | বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি | দেশ এডিশন:
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান বলেছেন, নারী মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

রবিবার (৮ মার্চ) বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমেনা মারজান এসব কথা বলেন।

তিনি বলেন, নারীরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের সম্মান, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা গেলে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতন বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, নারী শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার, কাচালং সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক কামাল হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নারী সংগঠনের নেত্রী এবং শিক্ষার্থীরা।

বক্তারা নারীর অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি সচেতনতা র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

error: Content is protected !!