শেরপুরের নালিতাবাড়ীতে বাবার বাড়িতে এসে আমগাছে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূর নাম তানিয়া (২১)। তিনি উপজেলার বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ সন্ন্যাসীভিটা গ্রামের মৃত আতাহার আলীর কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া গত ৫ অক্টোবর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। মঙ্গলবার (৮ অক্টোবর) মাগরিবের নামাজের পর ঘর থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের পুকুরপাড়ের একটি আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান তার মা জরিনা বেগম। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তানিয়াকে নিচে নামালেও ততক্ষণে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার জানায়, তানিয়ার স্বামী সাইফুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। পারিবারিক জীবনে কোনো মনোমালিন্য বা বিরোধ ছিল না। তানিয়া শারীরিক বা মানসিকভাবে অসুস্থও ছিলেন না। প্রতিবারের মতোই তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য: এই প্রতিবেদনের তথ্য স্থানীয় সংবাদকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে সংগৃহীত। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। দেশ এডিশন প্রতিবেদনের তথ্যের যথার্থতা নিয়ে কোনো দায়ভার বহন করবে না।