কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, মাদকবিরোধী সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এর আয়োজনে ‘নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সচেতনতা ও সমাজের দায়বদ্ধতা’ শীর্ষক এ সভা কুমারখালীর আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করান। শপথে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা, মাদক ও ধূমপান থেকে দূরে থাকা, বাল্যবিবাহ পরিহার, ইন্টারনেটের অপব্যবহার না করা, স্মার্টফোন আসক্তি থেকে বিরত থাকা এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার করে।
এছাড়া শিক্ষার্থীদের মাঝে ইন্টারনেট ব্যবহারের নৈতিক ও অনৈতিক দিক নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, কুমারখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবীব চৌহানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।