জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি কারোর সঙ্গে কোনো প্রকাশ্য বা অপ্রকাশ্য সমঝোতায় অংশ নেয়নি। একই সঙ্গে এনসিপির বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি আরও জানান, অতি শিগ্রই এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
নাহিদ ইসলাম বলেন, “তফশিলের বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার বিষয় আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফশিল ঘোষণা হোক। কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না। বারবার বলা হয়েছে আমরা নির্বাচনবিরোধী, কিন্তু আমরা নির্বাচন চাই এবং ওদিকেই যেতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের পরও দেশের সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এনসিপির কাজ নির্বাচনের মাধ্যমে থেমে যাবে না বরং আরও ত্বরান্বিত হবে। নির্বাচনের পরিবেশ যথেষ্ট ভালো নয়, তবে আমরা এগোতে বাধ্য। ইসিকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে আশা করি আমরা সুষ্ঠুভাবে এগোতে পারব।”