আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

মো:আবু তালহা, সাভার প্রতিনিধি,
প্রকাশ: ৭ দিন আগে

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকায় দেশীয় অস্ত্রসহ যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারদের মধ্যে জাহাঙ্গীর আলম মন্ডল নামে একজন রয়েছেন, যিনি জাতীয়তাবাদী যুবদল–এর ঢাকা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে স্থানীয়ভাবে পরিচিত। তিনি আশুলিয়ার শ্রীপুর তালপট্টি এলাকার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ও অস্থিরতা ঠেকাতে বিশেষ নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর আলম মন্ডলের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র আশুলিয়ার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। বিশেষ করে ডিইপিজেড এলাকা থেকে বলিভদ্র বাজার পর্যন্ত ফুটপাত, ঝুট ব্যবসা এবং বিভিন্ন বাণিজ্যিক স্থানে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তার অধীনে কিশোর গ্যাংসহ একাধিক গ্রুপ কাজ করত বলেও দাবি স্থানীয়দের।

এ চক্রের সঙ্গে স্বপন, সোহেল রানা, শফিক, হাসিব, ইখতিয়ার, আবু কালাম, টিপু, জালাল, জুয়েল ও মহরমসহ আরও কয়েকজনের নাম স্থানীয়ভাবে আলোচিত হয়েছে। গত কয়েক মাসে এসব কার্যক্রমের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো নেটওয়ার্ক শনাক্তে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

error: Content is protected !!