নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৬ জনের মৃ/ত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ৩ মাস আগে

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ছয় আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট-বাসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিএনজি চালক শাহ আলম খোকন, সুলতান আহমদ সুমন, কলেজ ছাত্র তানিম হাসান, কলেজ ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম ও জান্নাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে বসুরহাটগামী যাত্রীবাহী একটি সিএনজি রওনা দেয়। পথে কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলিয়া মাদরাসার সামনে পৌঁছালে সিএনজির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো লেনে চলে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

এতে সিএনজি চালকসহ চারজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। মোট ছয়জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!