নোয়াখালীতে ‘লকডাউন’ ঘিরে আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | দেশ এডিশন
প্রকাশ: ৩ মাস আগে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বৃহস্পতিবারের (১৩ নভেম্বর) ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নোয়াখালীতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। জনমনে আতঙ্ক ও নাশকতা প্রতিরোধে জেলায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।

জানা গেছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন উপজেলা ও জেলা শহর এলাকা থেকে ৪২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ছাড়া, রাতভর জেলার আঞ্চলিক মহাসড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রবেশপথগুলোতে যানবাহনে তল্লাশি অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, “ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাই জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ইব্রাহিম বলেন,
“আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে। জনগণকে শান্তি ও সুশৃঙ্খল থাকতে অনুরোধ করছি। নাশকতার সম্ভাব্য ঘটনার প্রভাব কমাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সতর্ক তৎপরতা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। একই সঙ্গে শান্তি ও সহমর্মিতার আহ্বান জানানো হচ্ছে।”

error: Content is protected !!