নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৬ বছরের শিশু মিজানুর রহমান আশরাফুল হত্যা মামলায় তার মায়ের আগের স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—আলাউদ্দিন (৪০) ও তার সহযোগী আবদুল্লাহ হাসান আল মামুন (৩৪)। রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২ এপ্রিল পারিবারিক বিরোধের জেরে আলাউদ্দিন চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি ধানক্ষেতে শ্বাসরোধে হত্যা করে লাশ পুতে রাখে। তিন দিন পর স্থানীয়রা ধানক্ষেতে অর্ধগলিত লাশ দেখতে পেলে শিশুর বাবা আবুল কাশেম গিয়ে শনাক্ত করেন। পরদিন তিনি চারজনকে সন্দেহভাজন করে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ তদন্তে ঘটনার রহস্য উদ্ঘাটন করে এবং গ্রেপ্তার হওয়া আলাউদ্দিন ও মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ শুনানি শেষে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে ছিলেন পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মীর হোসেন।